ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকারের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে ঘটনাটি ঘটে। মো. আতাউর রহমান সরকার অভিযোগ করেন, তোলাতালা কেন্দ্রের এজেন্ট শফিকুল ইসলামের মা অসুস্থ থাকায় বাড়িতে যান। বাড়ি থেকে বের হওয়ার সময় বাইরে হট্টগোল শুনে গাড়ির কাছে গেলে বিএনপির নেতা-কর্মীরা উভয় দিক থেকে গাড়ি ও প্রতিনিধিদলকে ঘেরাও করে।
তিনি আরও জানান, গাড়িতে উঠার সময় তাদের বাধা দেওয়া হয়, গাড়িচালককে মারধর করা হয়, এবং তিনি ও তাঁর প্রতিনিধিরা নোংরা ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত হন। প্রায় ৪৫ মিনিট ধরে তারা গাড়িতে আটকে ছিলেন। পরে জেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।
হামলার ঘটনায় বিএনপি নেতা মোশাররফ হোসেন, আখাউড়া উপজেলা যুবদলের সভাপতি ইয়াসিন মিয়া, ধরখার ইউনিয়ন যুবদলের সভাপতি বশির মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবু, কর্মী রুবেল মিয়া ও অন্যান্য সহযোগী নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, নির্বাচন পরিচালক কাজী সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা আমীর দ্বীন ইসলাম ভুইয়া, প্রধান নির্বাচন এজেন্ট শিবলী নোমানী, খেলাফত মজলিসের নেতা হাফেজ আহমেদ, এনসিপি নেতা এম এ বাতেন শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বক্তব্য এখনও জানা যায়নি।