ঢাকা-১৬ আসনের জামায়াতের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ও তাঁর নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। গতকাল সোমবার মিরপুর-৬ নম্বর কাঁচাবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চলন্তিকা মোড়, মিল্কভিটা এলাকা হয়ে মিরপুর-১১ নম্বরে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও আসন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দীন, রূপনগর থানা আমীর আবু হানিফ, পল্লবী উত্তর থানা আমীর মাওলানা সাইফুল কাদের, পল্লবী দক্ষিণ থানা আমীর আশরাফুল আলম, পল্লবী মধ্য থানা আমীর মো. রইসুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও আসন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দীন বলেন, মূলত ময়লা অপসারণের অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ময়লার জন্য ৪০ টাকা নেওয়ার কথা থাকলেও এলাকায় ভেদে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। কারণ এতে অনেকের চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, রবিবার ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেনের উন্নয়নমূলক কাজে বাধা প্রদানসহ তাঁর নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। পরে রবিবার রাতে তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ জানান। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা শুধু হামলাই চালায়নি, তারা দুটি মোবাইল ফোন ও একটি ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে । প্রেস বিজ্ঞপ্তি।