ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ক্যাম্পাসে সন্ত্রাস, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি উসকে দিয়ে যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় সংগঠনটি।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন, ক্যাম্পাস কোনোভাবেই প্রতিহিংসা চরিতার্থ করার ক্ষেত্র হতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের পবিত্র প্রাঙ্গণ। সেখানে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো মানে জাতির ভবিষ্যতের উপর আঘাত হানা।

নেতৃবৃন্দ আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে আমরা যে ইতিবাচক ও দায়িত্বশীল ছাত্ররাজনীতির প্রত্যাশা করেছিলাম, বাস্তবে দেখা যাচ্ছে কিছু সংগঠন আবারও পুরনো সহিংস, দখলদার ও প্রতিশোধপরায়ণ রাজনীতির চর্চায় লিপ্ত হয়েছে। এই ধ্বংসাত্মক প্রবণতা দেশ, সমাজ ও শিক্ষার্থীদের জন্য অশনি সংকেত। প্রতিহিংসার রাজনীতি কখনোই কল্যাণ বয়ে আনে না; বরং তা ক্যাম্পাসকে নৈরাজ্য, বিভাজন ও রক্তাক্ত সংঘর্ষের আখড়ায় পরিণত করে।

নেতৃদ্বয় অবিলম্বে হামলাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ, সংযম ও সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।