গতকাল ৬ ফেব্রুয়ারি জুমআ বার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশ কর্তৃক মারধর ও নির্যাতনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ ৭ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করে তিনি এই প্রতিবাদ জানান।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চ শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে সম্পন্ন করার দাবিতে যমুনার সামনে আন্দোলন করছিল। এ সময় পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই পরিস্থিতিতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কিন্তু দায়িত্ব পালনের সময় পুলিশের অতি উৎসাহী কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর করেন।

তিনি জানান, পুলিশের হামলায় কালের কণ্ঠ, আরটিএনএন, যুগান্তর, মাই টিভি ও জাগরণ নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৫ জন সাংবাদিক আহত হন, যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অধিকারে বিশ্বাসী।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য একজন মাল্টি মিডিয়া সাংবাদিককে পায়ে লাথি মেরে ফেলে দেন- যা উদ্দেশ্যপ্রণোদিত ও অমানবিক আচরণেরই বহিঃপ্রকাশ। তিনি পুলিশ সদস্যদের এ ধরনের অপেশাদার, অনাকাক্সিক্ষত আচরণ এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান।

একই সঙ্গে আমি ঘটনার সঙ্গে জড়িত দায়ী পুলিশ সদস্যদের জবাবদিহির আওতায় এনে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।