কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, মাহে রমযান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতা অর্জনের শ্রেষ্ঠ সময়। রমযানের এই পবিত্র শিক্ষাকে ধারণ করে আমরা বামন খালি সহ পুরো এলাকাকে একটি আদর্শ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ সমাজ উপহার দেওয়া।

শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলার যুগীখালি ইউনিয়নের বামনখালি হাই স্কুল ফুটবল ময়দানে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সিয়াম সাধনা আমাদের লোভ-লালসা বিসর্জন দিতে শেখায়। একজন মুমিন কখনো অন্যের হক নষ্ট করতে পারে না, দুর্নীতি করতে পারে না। আমি এমপি হিসেবে আপনাদের কথা দিচ্ছি-এলাকায় কোনো প্রকার চাঁদাবাজ বা জুলুমবাজের স্থান হবে না। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, ভয়হীন ও শান্তিময় এক নতুন কলারোয়া আমরা উপহার দেব।

উপজেলার যুগিখালি ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মান্নান সানার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি উপাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম মুকুল। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, সূরা সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ,কারি মো: রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।