বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নব্য জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। যে দলের নেতারা মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষ অত্মমর্যাদা আশা করতে পারে না। গতকাল বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে। তাদের আমীর বলেছে আমাদেরকে ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমি নেতাকর্মীদেরকে বলছি, আমরা ১৩ তারিখ থেকে পাঁচ বছর জনগণের পা ধরে সেবা করে যাবো।
বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। এর মধ্যে পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান (পার্থ)। ১৯টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ডসহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ।
তারেক রহমান ইতোমধ্যেই বড় শহরগুলোতো বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা এবং পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এ ছাড়াও গোটা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন তিনি।
বিএনপি চেয়ারম্যানের আগামন উপলক্ষে বরিশাল জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী , বিজিবি ও র্যাবের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। সমাবেশস্থানসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। শুধু সমাবেশই নয়, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষায় কাজ করছে পুলিশ। অন্যান্য প্রার্থীদের প্রচারণায় নিরাপত্তা দিতেও পুলিশ নগরীতে থাকবে। এর আগে ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।