জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগ কখনো একসঙ্গে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ দেশের যেখানেই সাংগঠনিক কার্যক্রম শুরু করার চেষ্টা করবে, সেখানেই এনসিপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে।
গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংস্কারের বিষয়টি ইতোমধ্যে গণভোটে নির্ধারিত হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত রায়কে আদালতের মাধ্যমে অস্বীকারের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, খামেনীকে হত্যার ঘটনায় সরকারের বিবৃতি নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে-দেশ আবারও কোনো আধিপত্যবাদের কবলে পড়ছে কি না, এমন প্রশ্ন উঠছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে বিএনপি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর পুরস্কার হিসেবে মন্ত্রী বানিয়েছে কি না-এমন প্রশ্নও মানুষের মনে উঁকি দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদের দাবি, ৫ আগস্টের পর থেকেই দেশী-বিদেশী বিভিন্ন শক্তি ছাত্র-জনতার আন্দোলনের শক্তিকে দুর্বল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তবে জনগণের সমর্থন নিয়ে এনসিপি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে বলেও জানান তিনি। সামনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ব্যাপকভাবে অংশ নেওয়ার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, সময় স্বল্পতার কারণে আগের নির্বাচনে অনেক আসনে এককভাবে অংশ নেওয়া সম্ভব হয়নি; তবে স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিসরে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আকতার হোসেন বলেন, সরকারি দল বিএনপি যে পরিমাণ ভোট পেয়েছে, ‘হ্যাঁ’ ভোট তার দ্বিগুণ পড়েছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর বিএনপি গণভোটের রায় অস্বীকার করতে শুরু করেছে এবং ‘জুলাই সনদ’ নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি আদালতে নেওয়ার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, এবার আদালতকে প্রমাণ করতে হবে যে আদালত কোনো দলের নয়।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে আর ফ্যাসিবাদের বিস্তার দেখতে চায় না জনগণ। দ্রুত সব ওয়ার্ড ও নগরে দলীয় কমিটি গঠন করা হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে এনসিপি তা মোকাবিলা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, টেকনাফের সাবেক এমপি ‘ইয়াবা সম্রাট’ আবদুর রহমান বদিকে বিএনপি মুক্তি দিয়েছে। তিনি আরও দাবি করেন, দেশে চাঁদাবাজি ও নানা অপকর্ম বেড়েছে এবং এসব কারণে বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ক্ষমতায় যাওয়ার অল্প সময়ের মধ্যেই বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কেউ যদি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করে কিংবা ভারতকে সুযোগ দিতে চায়, এনসিপি তা প্রতিহত করবে। প্রয়োজনে আবারও ‘জুলাই’ ঘটবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।