সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘আমাদের দেশের মায়েরা যত বেশি সচেতন হবেন, দেশ তত দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষক হচ্ছেন মা। তাই সন্তানদের সঠিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হলে মায়েদেরকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

গতকাল শুক্রবার দুপুরে সাতকানিয়া পৌরসভার আঞ্জুমানে ইসলামিয়া আদর্শ মহিলা দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার নতুন প্রজন্মের ওপর। আর সেই প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে পরিবার, বিশেষ করে মায়েদের ভূমিকা অপরিসীম। সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার থেকেই শিক্ষা শুরু হওয়া প্রয়োজন।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আঞ্জুমানে হাফেজিয়া কমপ্লেক্সের সভাপতি আব্দুল হান্নান সওদাগর, সেক্রেটারি সৈয়দ মো. বোরহান উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ নূর সওদাগর, রফিকুল আলম, সাবেক পৌর কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ, আবু হানিফ, আকতার কামাল, আব্দুল আউয়াল, আবু মহসিন মো. মহিউদ্দিন, শিক্ষক পারভেজ আলম ও মোক্তারুন্নেসা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসার সুপার মাওলানা আব্দুল মালেক। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।