এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের দল নেই। এটি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, বিএনপির লোকজন এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, একটি পরিত্যক্ত ব্রিজ পড়ে থাকলেও সেখান থেকেও তারা চাঁদা আদায় করে। বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবারও প্রকাশ্যে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নামে যেতে রাজি নই।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি এখন বিদেশী প্রভাবের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। তার ভাষায়, একসময় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ওপর একটি ‘চেইন’ লাগানো হয়েছিল, তার ভাই জিএম কাদেরের ওপর দুইটি। আর বর্তমানে যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তারা ভারতের কাছে তিনটি চেইনে বাঁধা। বিএনপিও এখন ভারতে তিনটি চেইনে আবদ্ধ।
এলডিপি চেয়ারম্যান বলেন, জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য। অথচ আজ একটি দল দালালি করছে এবং অন্যের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। নিজেদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাদের নেই।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।