সারাদেশে নির্বাচনী প্রচারণা শেষ করে আজ রোববার ও কাল সোমবার দুইদিন ঢাকা মহানগরের ১৪ টি আসনে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন একথা জানান।

তিনি বলেন, তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিভিন্ন আসনে আগামী দুইদিনে মোট ১৪টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এর মধ্যে রোববার তিনি ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনী আসনে জনসভায় যোগদান করবেন। পরদিন সোমবার নিজের নির্বাচনী এলাকাসহ ঢাকা মহানগর দক্ষিণের ৭টিসহ মোট ৮টি জনসভায় অংশ নেবেন চেয়ারম্যান।

আজ ঢাকা-১৭ নিজের আসনের থেকে এই প্রচারণা শুরু করবেন তারেক রহমান। জনসভাটি হবে ইসিবি চত্বরে দুপুর ২টায়। এরপর ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী দুই ওয়ার্ডের লালমাঠে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনে নির্বাচনী এলাকায় মীরপুর ১০নং গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুরে ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে সানজীদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় মিরপুর মডেল থানার রিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকাল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাতারপুরে সন্ধ্যা ৬টায় জনসভা হবে।

পরদিন সোমবার ঢাকা-১৭ আসনে নিজের নির্বাচনী এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির এলাকায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের আসনে পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিবের আসনে বাসাবো তরুন সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর নির্বাচনী এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর তিনটায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের এলাকায় জুরাইন দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায় এবং ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন নির্বাচনী এলাকায় ধূপখোলা মাঠে ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান বক্তব্য রাখবেন।

পলিসি ডিবেট নিয়ে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের আহ্বানের বিষয়ে মাহদী আমিন বলেছেন, ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করা চটকদার ও ভাইরাল হওয়ার কৌশল হতে পারে। এসময় পলিসি ডিবেটে বিএনপি অংশগ্রহণ করবে কি না এই বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন বলেন, আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে পোস্ট করা, একজনকে ট্যাগ করা এটা বেশ চটকদার একটা বিষয়। আগামী দুদিন যে শিডিউল আছে তা যথেষ্ট প্যাকড। কতটুকু সময় পাওয়া যাবে তা নিয়েও আমাদের ভাবতে হবে। তিনি আরও বলেন, যে পলিসি ডিবেটের কথা বলা হয়েছে, বিএনপি তো হুট করে পলিসি দেয়নি। ২০১৩ সালের জুলাই মাসে তারেক রহমান এক বক্তব্যে যা বলেছিলেন তারই প্রতিফল আমরা নির্বাচনী ইশতেহারে দেখেছি। ফ্যাসিবাদের পতনের পরও তিনি তার বক্তব্যে সমাজের প্রতিটি মানুষের কথা তুলে ধরেছেন। দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো যৌক্তিক বয়ান তৈরি না করে হুট করে পলিসি ডিবেট কেন। এছাড়া জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের কোনো পলিসি পোস্ট গত দেড় বছরে তো দেখেননি, এর আগের ১৬-১৭ বছরেও দেখেননি বলেও উল্লেখ করেন মাহদী আমিন।

তিনি জানান, বিএনপি ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে ভিশন ২০৩০ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ২০২২ সালে তারেক রহমান ২৭ দফা ঘোষণা করেছেন। এরপর ২০২৩ সালে যুগপৎ আন্দোলনের সবাইকে নিয়ে ৩১ দফা ঘোষণা করেছেন। আর এদিকে তারা ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে কোনো পলিসি নিয়ে কথা বলেছে?

একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে অভিযোগ করে মাহদি আমিন বলেন, লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ধর্মীয় অনুভূতিতে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে।