স্টাফ রিপোর্টার, গাজীপুর : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুর জেলায় কেন্দ্রীয় কর্মসূচী পালন করেছে জেলা জামায়াত। গাজীপুরের সফিপুর এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচীতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম।
কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সফি উদ্দিন, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, আনিসুর রহমান বিশ্বাস, কালিয়াকৈর উপজেলা জামায়াতের আমীর ডা. মুজাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারী ইমতিয়াজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাম্প্রতিক গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। তারা বলেন, জনগণ একইসাথে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। এর ফলে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হচ্ছে এবং জনগণের প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ছাড়া কেবল আংশিক সংশোধনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা অভিযোগ করেন, সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নিয়ে দুর্নীতি ও দমন-পীড়নের পথ সুগম করছে।
কর্মসূচী থেকে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধানের মৌলিক সংস্কার এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
শ্রীপুর (মাগুরা) : মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আজমত হোসেন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবুল বাসারসহ জেলা উপজেলা ও শহর জামায়াত শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তাঁরা শহরের বিভিন্ন সড়কে পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
কুমিল্লা অফিস: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, অ্যাডভোকেট নাছির আহমেদ মোল্লা। মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মু.খাইরুল ইসলাম, এবং কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া প্রমুখ।