জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষা ব্যবহার করার অভিযোগে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী গোলাম রাব্বানী নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে করা একটি পোস্টে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী গোলাম রাব্বানী লিখেছেন, গত কয়েকদিন আগের আমার করা একটা ভিডিওতে আমার ক্যাম্পাসের এক ছোট বোন একটা কমেন্ট করে, তার প্রতিউত্তরে আমি যেই শব্দ ব্যবহার করে রিপ্লাই দিয়েছি তার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও মেয়েটার কাছে ক্ষমাপ্রার্থী। এইটা আমার ভুল হয়েছে এবং এই ধরনের ভুল আমার আর সামনের দিকে কখনোই হবেনা।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে উল্লেখ করেন লিখেন, “আমি আমার জীবনে আগে কখনো কোনো নারীকে কটু ভাষায় কিছু বলিনি। তবে ওই সময় তাৎক্ষণিক রাগের মাথায় একটি খারাপ ভাষায় মন্তব্য করে ফেলি, যা আমার ভুল ছিল। আমি এই ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং ভবিষ্যতে কোনো নারী বা পুরুষ কাউকে নিয়ে এমন মন্তব্য করব না।”
তিনি পোস্টে উল্লেখ করেন, তিনি সবসময় নারী হয়রানির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবেন।
এছাড়াও পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সিনিয়র, জুনিয়র, ব্যাচমেটসহ সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থী মনিষা সরকারের সঙ্গে সামনাসামনি দেখা করে সরাসরি ক্ষমা চাইতে আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার এই ঘটনায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং, অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন এবং ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
রাজনীতি
জাবিতে সাইবার বুলিং অভিযোগ: ক্ষমা চেয়ে যা বললেন অভিযুক্ত রাব্বানী