চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
গতকাল শুক্রবার তিনি তার মাতা-পিতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি মরহুম পিতা-মাতার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন পরে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ন্যায়নীতি ইসলাম ও দেশপ্রেমিক শক্তির ভিত্তিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ফটিকছড়ির সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও ফটিকছড়ি থানা সাবেক আমীর মাস্টার নাজিম উদ্দীন সিকদারসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।