জুলাই গণঅভ্যুত্থানে ছয়জন সাংবাদিকসহ দেড় হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তা আবারও কলঙ্কিত করার চেষ্টা করেছে সাংবাদিক পরিচয়ে কতিপয় দুর্বৃত্ত। মহান ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবসে জাতীয় প্রেসক্লাব ও শহীদ মিনারকে আবারও কলঙ্কিত করার চেষ্টা করছে কিছু ‘সাংবাদিক পরিচয়ধারী’ গণহত্যাকারীরা।

শনিবার, ২১ ফেব্রুয়ারি সকালেই মুজিববাদী স্লোগান দেয়ার মাধ্যমে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) প্রেসক্লাব দখলের অপচেষ্টা করেছে- এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই রেভলুশনারি জার্নালিস্টস’ অ্যালায়েন্সের (জেআরজেএ) সাধারণ সম্পাদক ইসরাফিল ফরাজী।

তিনি বলেন, ২৪’র গণঅভ্যুত্থানে ৫ আগস্ট বাংলাদেশ থেকে মুজিববাদের কবর রচিত হয়েছে। সে মুজিববাদকে পুনরায় জাতীয় প্রেসক্লাব দখলের উদ্দেশ্যে কাজে লাগাতে চাইছে গণহত্যাকারীরা।

আমরা স্পষ্ট করে বলতে চাই— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক যাত্রাকে দুর্বলতা ভেবে দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো; তার জবাব বাংলাদেশের মাটিতেই দেওয়া হবে।

যারা ২১ ফেব্রুয়ারির দিনে জাতীয় প্রেসক্লাবের ভেতরে মুজিববাদী স্লোগান দিয়েছে এবং একই সঙ্গে পবিত্র শহীদ মিনারে মুজিববাদী স্লোগান দিয়ে বেদীতে ফুল দিয়েছে—তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা স্পষ্ট করে বলতে চাই— এই সরকার জুলাইয়ের হাজারো ছাত্রজনতার রক্তের ওপর দাঁড়িয়ে আছে; এই রক্তের সঙ্গে বেঈমানী করার চেষ্টা করলে তার জবাব জুলাইয়ের কোটি কোটি ছাত্রজনতা দেবে।

আজ যারা প্রেসক্লাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের অধিকাংশই গণহত্যা মামলার আসামি। আমরা দ্রুত এসব খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

জাতীয় প্রেসক্লাবের সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই— যারা প্রেসক্লাবে মুজিববাদী স্লোগান দিয়েছে, তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করুন। একই সঙ্গে দাবি করছি— তাদের মধ্যে যদি কেউ এখনও প্রেসক্লাব সদস্য থেকে থাকে, তাদের সদস্যপদ বাতিল করুন। কোনো খুনিকে আমরা জাতীয় প্রেসক্লাবে দেখতে চাই না।

জাতীয়তাবাদ ও ইসলামী শক্তির যে ঐক্য আমরা ৫ আগস্টের আগে ও পরে লক্ষ্য করেছি, সেই ঐক্য ধরে রেখে স্বৈরাচার ও খুনিদের প্রতিহত করার দাবি জানাই। ফ্যাসিবাদ বিরোধী যে কোনো কাজে জুলাই রেভলুশনারি জার্নালিস্টস অ্যালায়েন্স প্রেসক্লাবের সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ।