ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ছেলেরা নির্বাচনী কাজে যদি আগ বাড়িয়ে কিছু করে তাহলে তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ কিছু করে থাকলে তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে।
তিনি বলেন, বিগত সময়ে আমরা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হতে দেখেছি। কিছু লোক থাকবেই নির্বাচনকে বানচাল করতে। কিন্তু আমার বিশ্বাস এবারের নির্বাচনকে কেউ বন্ধ করতে পারবে না, বানচাল করতে পারবে না।
রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের কাজিপাড়া ঈদগাহ ময়দানে, মাস্টারপাড়া মাদ্রাসা মাঠে, ৭ নং ওয়ার্ড গিলাবাড়ি বাজার এবং মাতৃগাও চৌরাস্তায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আজ জেগে গেছে। আগের নির্বাচনগুলোতে তারা ভোট দিতে পারেনি। তাই এবার তারা পণ করেছে সামনের নির্বাচনে ভোট তারা দিয়েই ছাড়বে। হিন্দু মুসলিম সবাই একজোট হয়ে ভোট দিবে।
তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।
ক্ষমতাচ্যুত ও ভারত পলাতক শেখ হাসিনা সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, এরকম নেতা আমরা চাই না, যে নেতা অসংখ্য নেতা কর্মীদের ছেড়ে পালিয়ে যায়। আমরা কোনো চোর ডাকাতের দল করি না। আমরা শহীদ জিয়ার দল করি। আমাদের একটা আদর্শ আছে।
সভায় এক সমর্থকের দেয়া ডিম ও মাটির ব্যাংক পেয়ে আবেগে অশ্রুসিক্ত হয়ে তিনি শহীদদের মাগফেরাত কামনা করেন এবং ভোট চেয়ে বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা হলো এই ধানের শীষ। ১২ তারিখের নির্বাচনে আপনারা এ মার্কায় আমাকে ভোট দিয়ে শেষ বারের মতো জনগণের সেবা করার সুযোগ করে দেবেন।
নির্বাচনী পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।