উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ -৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকল দলকে সমান সুযোগ দিতে হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কেউ কেউ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করেছে। সহিংসতা করার চেষ্টা করছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।
গতকাল রোববার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কোন কোন উপদেষ্টাকে একটি দলের পক্ষে কথা বলতে দেখা যাচ্ছে। যা অত্যান্ত দুঃখজনক। দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের নির্বাচনী কাজে বাধা দেয়া হচ্ছে। হামলা করা হচ্ছে নারী কর্মীদের উপর। উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় বিএনপির লোকজন ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।
তিনি বলেন, এবারের নির্বাচনে দেশের মানুষ চাঁদাবাজদের ভোট দিবে না। যারা সন্ত্রাসীদের লালন পালন করে তাদেরকে জনগণ লালকাঠ দেখিয়েছে। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ন্যায় ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিন। এবং গণভোটে ‘হ্যা’ পক্ষে রায় দিন যাতে করে নতুন করে কেউ স্বৈরাচারী হবে না পারে।
পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সিরাজগঞ্জ বার কাউন্সিলের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম সেলিম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রধান, সিরাজগঞ্জ বারের সদস্য এডভোকেট আবু তালেবসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।