চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া সাতকানিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, পরিবেশ বিধ্বংসী অবৈধ বালু ও মাটি উত্তোলনের সঙ্গে যে দলেরই লোক জড়িত থাকুক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে তার অবস্থান ‘জিরো টলারেন্স’।
গত শনিবার রাত ১০টার দিকে লোহাগাড়া উপজেলা সদরের গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টে লোহাগাড়া সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে সম্প্রীতির লোহাগাড়াÑসাতকানিয়া গড়ে তুলতে চান তিনি। নিজেকে কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এলাকার সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। কাউকে প্রতিপক্ষ মনে করে নয়। লোহাগাড়া–সাতকানিয়া আমার কাছে একটি পরিবার। আমরা সবাই মিলে এই পরিবারকে সুন্দরভাবে সাজাতে চাই।”
তিনি আরও বলেন, জনগণের দোয়া ও অকুণ্ঠ সমর্থনে নির্বাচিত হয়ে এখন এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। শিক্ষা, অবকাঠামো ও কর্মসংস্থানে জোর দিয়ে তিনি বলেন, লোহাগাড়া–সাতকানিয়াকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসেবামূলক কার্যক্রম আরও জোরদারের প্রতিশ্রুতিও দেন তিনি।
অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের ফলে পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ও খাল দখল কিংবা পাহাড় কাটার মতো কর্মকাণ্ডও বরদাশত করা হবে না। সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যানজটে অতিষ্ঠ লোহাগাড়াবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত বাস টার্মিনাল নির্মাণ, বাইপাস সড়ক চালু এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় প্রশাসন ও ভোটারদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর আসাদুল্লাহ ইসলাসাবাদী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আ.ন.ম নোমান, কলাউজান ইউনিয়নের সাবেক আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ইদ্রিস, লোহাগাড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান চৌধুরী মো. ছালেহসহ লোহাগাড়া ও সাতকানিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।