বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, জবাবদিহিতা এবং তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষ যদি তার প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করার অনুভূতি রাখে, তাহলে সমাজে দুর্নীতি ও অনিয়ম অনেকাংশে কমে যাবে। তাকওয়ার চেতনা মানুষকে সৎ, দায়িত্বশীল ও মানবকল্যাণে নিবেদিত করে তোলে।

তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, খোলাফায়ে রাশেদিনের যুগে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং সততার কারণে মুসলিম সমাজে এক স্বর্ণালী সময় প্রতিষ্ঠিত হয়েছিল। তাই সুশাসন, নৈতিকতা এবং আল্লাহভীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে অল্প সময়ের মধ্যেই দারিদ্র্য দূর করা এবং সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব।

গতকাল সোমবার বিকাল ৫টায় কুমিল্লা নগরীর ফানটাউন কনফারেন্স হলে প্রকৌশলীদের সম্মানে আয়োজিত ইয়ুথ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কুমিল্লার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী-এর সেক্রেটারি মু. মাহবুবুর রহমান এবং কুমিল্লা মোহাম্মদিয়া ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শাফায়েত ইসলাম শরিফ।

প্রকৌশলী সায়েদুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি প্রকৌশলী মিনহাজ মাসুদ ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, সামাজিক ও পেশাজীবী।