নির্বাচন ডেস্ক : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে এক বিশাল ‘যুব পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর দয়াগঞ্জ এলাকা থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি ঢাকা-৬ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরিটোলা স্কুলে গিয়ে শেষ হয়।

​ড. আব্দুল মান্নানের সরাসরি নেতৃত্বে পদযাত্রাটি দয়াগঞ্জ থেকে শুরু হয়ে লোহারপুল, সূত্রাপুর এবং ভিক্টোরিয়া পার্ক অতিক্রম করে। এ সময় রাস্তার দুই পাশে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হাত নেড়ে পদযাত্রাকে অভিবাদন জানান। পদযাত্রাটি সুরিটোলা স্কুল প্রাঙ্গণে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সমাপনী বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, যুবসমাজের এই জোয়ার প্রমাণ করে তারা পরিবর্তন এবং উন্নয়ন চায়। ঢাকা-৬ আসনের প্রতিটি মানুষের সেবক হিসেবে আমি কাজ করতে চাই। আজকের এই পদযাত্রা আমাদের বিজয়ের পথকে আরও সুগম করল। পদযাত্রায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রার্থীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।