বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৮টি বছর ধরে আমাদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। এই নির্যাতন থেকে বৃদ্ধ থেকে শুরু করে শিশু-কিশোর পর্যন্ত কেউ রেহাই পায়নি। মিথ্যা ও সাজানো মামলায় আমাদের অসংখ্য ভাইকে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে।

তিনি বলেন, এমনকি আমাদের মা-বোনদের কোরআন ক্লাসে অংশ নেওয়ার মতো ধর্মীয় কার্যক্রমকেও অপরাধ বানিয়ে গ্রেফতার করা হয়েছে। এসব নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের মাধ্যমে জনগণই চূড়ান্ত জবাব দেবে।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরও বলেন, আমরা মারামারি, হানাহানি কিংবা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের রাজনীতি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সাতকানিয়া-লোহাগাড়াকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি গতকাল রবিবার সকালে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনের হাট বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসার, নগরীর কোতোয়ালি থানা জামায়াতের সেক্রেটারি মোসতাক আহমদ এবং ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আসিফ উল্লাহ মোহাম্মদ আরমান।