দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মেঘনা উপজেলায় এনসিপি আয়োজিত পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে সরকারের কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, “এই সরকারের অনেক গুণ, এক উপজেলায় তিন মাসে চার খুন।” তিনি অভিযোগ করেন, একটি উপজেলায় মাত্র তিন মাসে চারটি হত্যাকা- সংঘটিত হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তোলেন। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরের মূল দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে অন্য মন্ত্রণালয়ের কাজে অযথা হস্তক্ষেপ করছেন। এর ফলে দেশের জননিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, পদযাত্রা কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহর হাত ধরে শতাধিক নতুন সদস্য এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এম কে রশীদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা।