রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) ভোরে কামারপাড়ার ১০ নম্বর সেক্টরের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা (১৯) এবং রুবেল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপাড়ার কবরস্থান রোডের মেম্বার বাড়ির পাশে আবুল কালামের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটে। রুবেল ও তার পরিবারের সঙ্গে বাড়িতে ছিলেন চাচাতো ভাই এনায়েত ও তার পরিবার, যারা দুবাই থেকে দেশে এসে বেড়াতে এসেছিলেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সোনিয়া আক্তারের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যান্যদের দগ্ধের হার: এনায়েত ৪৫%, রিয়া ৩২%, রুবেল (৩০) ৩২%, শিশু রোজা ১৮%, জুনায়েদ ২৪%, দেলেরা ১৪%, রুবেল (৩৫) ৭%, হাবিব ১৯% এবং আয়েশা ১২%। শারীরিকভাবে বেশি আহতদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে, বাকিরা পর্যবেক্ষণে রয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে আগুন প্রথমেই বাসার লোকজন নিজ উদ্যোগে নিয়ন্ত্রণে এনেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের কারণ গিজার বা গ্যাস লাইনের লিকেজ হতে পারে।