জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে দাবী করে স্থানীয় সরকার নির্বাচনে কোন কারচুপি হতে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন এনসিপির আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। গতকাল রোববার বরিশালে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন । নাহিদ বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কারচুপি ও ডাকাতি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। ১২ তারিখের অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে , সংস্কারের উদ্যোগ না নেয়া হলে নিজেদের অধিকার রক্ষ্যার জন্য আবারো রাস্তায় নামতে হবে। এসময় তিনি বাংলাদেশ ব্যাংকে মব তৈরী করে তা দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলার পরিবেশ নেই। নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়ে তিনি একে 'আওয়ামী স্টাইল' বলে অভিহিত করেন। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম শাহসহ কয়েকজন প্রার্থী এবং ১১ দলীয় জোটের কয়েকজন এমপি প্রার্থীকে বিভিন্নভাবে হারিয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে আমরা ফলাফল মেনে নিয়েছি এবং সংসদে শপথ নিয়েছি। কিন্তু সরকার যারা ক্ষমতায় গেছে তারা শপথ নেওয়ার দিন জনগণের কাছে যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে পারেনি। নাহিদ ইসলাম বলেন,নির্বাচনের পর এক মাসও হয়নি, কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি দেশ কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংককে কেন্দ্র করে মব তৈরি করে ব্যাংক দখলের চেষ্টা করা হচ্ছে। সংসদে ঋণখেলাপিদের নিয়ে যাওয়া হচ্ছে এবং দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকেও দলীয়করণের চেষ্টা চলছে। আমরা এমন একটি দেশের দিকে যাচ্ছি যেখানে চাঁদাবাজকে চাঁদাবাজ বললেও আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। তিনি বলেন, পুরনো সেই কায়দা, পুরনো সেই সিস্টেম দিয়ে নতুন প্রজন্মকে থামানো যাবে না। মামলা-হামলা অতিক্রম করেই এই দেশে গণঅভ্যুত্থান হয়েছে। যদি নাসীরুদ্দীন পাটোয়ারীর মতো একজন নেতার বিরুদ্ধে মামলা দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে তারা বড় ভুল করবে। কারণ বাংলাদেশে শত শত নতুন নাসীরুদ্দীন পাটোয়ারী তৈরি হবে। তখন তরুণরা চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি বলেন, পুরো বাংলাদেশের তরুণ ও নাগরিকরা হ্যাঁ ভোট দিয়েছে। তারা সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এখন সংস্কার না করে নানা ধরনের ফন্দি করা হচ্ছে।
এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বিএনপিকে উদ্যেশ্য করে বলেন, “বাংলাদেশকে আবারও ভারতীয় আদিপত্যবাদের মধ্য নিয়ে নিচ্ছে। তবে বাংলাদেশের মানুষ ভারতীয় দাস হিসেবে জীবন যাপন করতে রাজী নয়। তারেক রহমান কে উদ্যেশ্য করে তিনি বলেন, “যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয় তবে ভারতের সাথে নয় বাংলাদেশের মানুষের সাথেই থাকতে হবে। গণতন্ত্রের নামে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলেও দাবী করেন তিনি।এনসিপির মুখপাত্র নাসিরুদ্দিন পাটোয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের মতো আচরণ করলে কিংবা ভারতের সাথে আঁতাত করলে রাজপথেই তার ফয়সালা হবে। ইফতার মাহফিলে এনসিপির জেলা আহবায়ক আবু সাইদ মুশা, সদস্য সচিব আবু সাইদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহম্মেদ রনি, এনসিপির মহানগর প্রস্তাবিত আহবায়ক মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।