বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে প্রকাশিত “স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াত নায়েবে আমীরের” শীর্ষক সংবাদে অধ্যাপক মুজিবুর রহমান এমপি’র উদ্ধৃতি ব্যবহার করে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, সংসদ সদস্য আজ কোথাও, কোনো সভা-সমাবেশে কিংবা কোনো কর্মকর্তার নিকট এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। তাঁর বক্তব্য সম্পর্কে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বাস্তবতাবিবর্জিত।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক এবং সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজা এক যৌথ বিবৃতিতে বলেন, যাচাই-বাছাই ব্যতীত এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।
তারা আরও বলেন, স্বাধীনতা দিবস জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মর্যাদার প্রতীক। এ দিবসকে ঘিরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়।
আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর নিকট অবিলম্বে এ সংবাদের সংশোধন, দুঃখপ্রকাশ এবং প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যথাযথভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানান—তারা যেন বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করে এবং কোনো ব্যক্তি বা সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার অপচেষ্টা থেকে বিরত থাকে।