আমজাদ হোসেন, পার্বতীপুর : দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে পার্বতীপুর ও ফুলবাড়ী ২টি উপজেলা নিয়ে দিনাজপুর-৫ আসন। উপজেলা ২টির মধ্যে পার্বতীপুর উপজেলার সুনাম ও খ্যাতি রয়েছে সারা দেশে। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সরদার মোশারফ হোসেন, ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ী উপজেলা থেকে বিএনপি’র আলহাজ্ব মনসুর আলী সরকার সংসদ সদস্য নির্বাচিত হন। একই উপজেলা ফুলবাড়ী থেকে ১৯৮৬ সালে আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন ১৪ দল জোট সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিতে প্রার্থী নিয়ে দলীয় কোন্দল চরমে থাকায় বিএনপি থেকে বহিস্কৃত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ব্যাপকহারে তালা মার্কা প্রচার প্রচারনা ও জনসমর্থনে অনেকটা এগিয়ে রয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছেন শাপলা কলি প্রতীক নিয়ে ১১দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টি থেকে কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক ডা: আব্দুল আহাদ, ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি’র ব্যরিষ্টার একেএম কামরুজ্জামান, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা সভাপতি কাজী আব্দুল গফুর, তালা প্রতীক বিএনপি থেকে বহিষ্কৃত উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনপ্রিয় নেতা এজেডএম রেজওয়ানুল হক, কলস প্রতীক নিয়ে দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব(বহিষ্কৃত) এসএম জাকারিয়া বাচ্চু, হরিণ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট হযরত আলী বেলাল ও মটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো: রোস্তম আলী।

স্ব স্ব প্রার্থীদের নেতাকর্মীরা শহরসহ দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মিছিল মিটিং, গণসংযোগ, পথসভা, মাইকিং করে হরেক রকম ছন্দে ছন্দে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন। কোন কোন প্রার্থীর কর্মীরা হাট বাজারে মোড়ে মোড়ে বড় পর্দায় গানের ছন্দে প্রার্থীর গণকৃতন করছেন। এসব জায়গায় সাধারণ মানুষজনের ভীড় নজর কাড়ছে।