পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে এরফান গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল। এসময় তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এই মাস আমাদের শেখায় কিভাবে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। সারাদিন না খেয়ে থাকা শুধু শারীরিক কষ্ট নয় বরং আত্মাকে পরিশুদ্ধ করার এক মহান সাধনা। রমজান আমাদের জীবনে নিয়ে আসে ধৈর্য ও মানবিকতার অনন্য শিক্ষা। রমজানের শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দিতে পারলে সমাজ পরিবর্তন হতে বাধ্য। তিনি আরও বলেন, সদর উপজেলার উন্নয়নে আমি দলমতের ঊর্ধ্বে কাজ করতে চাই। আপনারা যে আশা নিয়ে নির্বাচিত করেছেন, তা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এ উপজেলার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। ইফতার পূর্বে মরহুম এরফান আলীর আত্মার মাগফিরাত কামনা এবং সেই সাথে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক এমপি হারুনুর রশীদ হারুন, সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল মতিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি আবদুল ওদুদ, এরফান গ্রুপের জিএম মোঃ সাইফুল ইসলাম, জেলা মিল মালিক গ্রুপের সভাপতি আনোয়ার হোসেন, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও বিশিষ্ট ব্যবসায়ীগণ।