নতুন সরকারের যাত্রা শুরুর পর এবার আলোচনায় ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে কারা যাচ্ছেন। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে চলছে জোর আলোচনা। বিএনপির অর্ধ শতাধিক নারী নেত্রীসহ শতাধিক নারী নেত্রী রয়েছেন সম্ভাব্য আলোচনায়। পাশাপাশি সংসদের বিরোধী দলীয় জোটও পাবেন সংসদের সংরক্ষিত নারী আসন।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘সংরক্ষিত নারী আসনের নির্বাচন খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। রোজার মধ্যেই আমাদের এ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি ২৯৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট অনুযায়ী, ৩৫ সংরক্ষিত নারী আসন বিএনপি জোট এবং ১৩টি জামায়াত জোট পেতে পারে বলে কমিশন সূত্র জানিয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মার্চের প্রথম সপ্তাহে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। অধিবেশন শুরু হলে সংসদ সচিবালয় সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা প্রস্তুত করে ইসিতে পাঠাবে। এরপর তফসিল ঘোষণা করা হবে। ইসি সূত্র জানায়, সংসদ সচিবালয় তালিকা পাঠালেই তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে এবং পরিকল্পনা রয়েছে ঈদের আগেই নির্বাচন সম্পন্ন করার।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি থেকে অন্য যে ছয়জন নির্বাচিত হয়েছেন। এদের বাইরেও অনেক নারী নেত্রী এবার বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিভিন্ন সূত্র থেকে খবর নিয়ে জানা গেছে, দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আলোচনায় আছেন। তিনি ২০০১ সালে সংরক্ষিত আসনে এমপি এবং মন্ত্রী ছিলেন। আলোচনায় আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আকতার জাহান শিরিন। আলোচনায় আছেন স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর স্ত্রী ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রদল নেত্রী বীথিকা বিনতে হোসাইন। এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি নাজমুন নাহার বেবী আছেন প্রথম কাতারে। তাদের সঙ্গে আছেন ইডেন কলেজ কাঁপানো ছাত্রদল নেত্রী মহিলা দলের যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান, আছেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আরিফা সুলতানা রুমা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরী, সিলেটের সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেনের (লেচু মিয়া) মেয়ে সৈয়দা আদিবা হোসেন।

এ ছাড়াও আলোচনায় আছেন সাবেক এমপি, ঢাবি ছাত্রদলের সাবেক নেত্রী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শাম্মী আকতার।অন্যান্যের মধ্যে সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, রেহেনা আকতার রানু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রী ও সাবেক এমপি আসিফা আশরাফী পাপিয়া। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে আলোচনায় রয়েছে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন। আওয়ামীলীগ আমলে হামলা মামলার আর চরম নির্যাতনের শিকার বাবু ফ্যাসিবাদী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর রাজপথের সাহসী সৈনিক। ‘আমার নেত্রী আমার মা বন্দী হতে পারে না’ স্লোগানটি দিয়ে সারাবিশ্বে আলোচিত হয়েছেন তিনি। ওই স্লোগানের প্রবক্তা তিনি। বাবু মারা যাওয়ার পর তার স্ত্রী বীথিকা বিনতে হোসাইন বিগত দিনে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিথিকা লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলাতে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন । শফিউল বারী বাবু লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সন্তান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে আনার জন্য রাজপথে আমৃত্যু সংগ্রাম করেছিলেন বাবু । জীবনের বেশিরভাগ সময় থাকতে হয়েছে আত্মগোপনে অথবা কারাগারে। সহ্য করতে হয়েছে পুলিশি নির্যাতন এবং রিমান্ড। বাবু ছিলেন দলের নিবেদিত প্রাণ। বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে বেড়ে ওঠা একজন সাহসী নেত্রী। যিনি প্রতিষ্ঠিত করেছেন মানবিক সংগঠন ‘অর্পণ আলোক’। বিএনপি’র নারী নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করা শফিউল বারী বারী বাবুর রেখে যাওয়া কর্মী সমর্থকদের জেল জুলুম নির্যাতনের শিকার এবং দেশজুড়ে বিএনপির নির্যাতিত কর্মীদের পাশে অর্পণ আলোক সংঘ নামক সংগঠন এর মাধ্যমে সবার পাশে অর্থনৈতিক ও মানসিক সাপোর্ট দিয়েও আগলে রেখেছেন আপদে-বিপদে। লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণ মহিলা সংরক্ষিত আসনে বীথিকাকে এমপি হিসেবে দেখতে । শফিউল বারী বাবু জীবদ্দশায় স্বপ্ন দেখতেন লক্ষ্মীপুর-৪ (রামগতি কমলনগর) আসনের উপকূলীয় জনপদের অবহেলিত মানুষের উন্নয়নে। অবহেলিত এ জনগোষ্ঠীর প্রত্যাশা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে বীথিকা বিনতে হোসাইনকে দল থেকে মূল্যায়ন করলে এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, সেই সাথে এ জনপদের মানুষকে নিয়ে প্রয়াত বাবুর স্বপ্ন পূরণ হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মানবিক নারী নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করবেন- এমনটাই আশা এ জনপদের মানুষের। বীথিকা বিনতে হোসাইন জানান ছোট বেলা থেকেই মানুষের পাশে থাকার ইচ্ছে ছিলো । প্রান্তিক মানুষের মুখের হাসি আমাকে আনন্দ দেয় । সেই ইচ্ছে থেকেই অর্পণ আলোক সংগঠন এর মাধ্যমে শত শত মানুষের পাশে দাঁড়িয়েছি সেই কাজগুলোকে আরও বৃহৎ আকারে করতে চাই সরকারে থেকে ।

আলোচনায় অন্যান্যের মধ্যে রয়েছেন- মাগুরা থেকে নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু নিপুন রায় চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্না রায়, মহিলা দল নেত্রী শাহানা আকতার সানু

সংরক্ষিত মহিলা আসনের দাবিদার অন্যরা হলেন- মহিলা দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক শাহিনুর নার্গিস, ছাত্রদলের সাবেক নেত্রী শওকত আরা উর্মি, সেলিনা সুলতানা নিশিতা, নাদিয়া পাঠান পাপন, শাহিনুর সাগর। আলোচনায় আছেন সাবেক এমপি ইয়াসমিন আরা হক, চেমন আরা বেগম, জাহান পান্না, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন। এ ছাড়া, কণ্ঠশিল্পী বেবী নাজনিন, রিজিয়া পারভিন ও কনক চাঁপার নামও আলোচনায় আছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংরক্ষিত নারী আসন বণ্টনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দলটি। দীর্ঘদিন রাজপথে সক্রিয়, কারাবরণকারী, আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী ও তৃণমূল সংগঠন শক্তিশালী করতে ভূমিকা রাখা নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার কথা আলোচনা হচ্ছে। একই সঙ্গে পেশাজীবী, শিক্ষাবিদ ও সাবেক ছাত্রনেত্রীদেরও বিবেচনায় রাখা হতে পারে। এছাড়া দেশের যেসব আসনে বিএনপির প্রার্থী জিততে পারেননি, সেসব এলাকার নারী নেত্রীদের প্রাধান্য দেওয়া হতে পারে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে কমপক্ষে ছয়টি নির্বাচিত আসন প্রয়োজন। তবে চাইলে দলগুলো জোটবদ্ধভাবে নারী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এতে কোনো আইনি জটিলতা নেই।

ইসি জানায়, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে। সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এসব আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে।