সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, নৌকার পাশে দাঁড়িয়ে যারা ধানের শীষের কথা বলছে তারা দেশকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে চায়। দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটমুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাদ্দিস রবিউল বাশার বলেন, আগস্টের ছাত্র–জনতার আন্দোলনে প্রায় দুই হাজার মানুষের আত্মত্যাগ ও হাজারো মানুষের ত্যাগের মাধ্যমে দেশ নতুনভাবে মুক্তির সুযোগ পেয়েছে। বিগত সময়ে দেশ কার্যত একটি কারাগারে পরিণত হয়েছিল। বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, অনেককে ঘরছাড়া করা হয়েছে। ছাত্র–জনতার আন্দোলন সেই দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করেছে।
তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলার সঙ্গে দীর্ঘদিন ধরে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। আশাশুনিতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা আশাশুনিকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে জড়ো হলে আশাশুনি সরকারি হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক ও সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামানের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সদ্য জামায়াতে যোগদানকারী সাবেক এমপি অ্যাডভোকেট এস.এম সালাহ উদ্দিন, ল’ইয়ার্স কাউন্সিল সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আশাশুনিকে পৌরসভায় উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় রূপান্তর, আধুনিক থানা ভবন নির্মাণ, টেকনিক্যাল কলেজ স্থাপনসহ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।