ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলের এক্স (টুইটার) হ্যান্ডেল হ্যাকিংসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও ব্যারিস্টার সাইফুদ্দিন আহম্মেদ খালেদ।
অ্যাডভোকেট জুবায়ের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতেমা তাসনুম জুমা ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের ঘটনায় জড়িত সন্দেহে আটক বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ার আলমকে তদন্ত চলাকালীন সময়ে জামিন দেওয়ায় দলটি গভীরভাবে উদ্বিগ্ন। এ সিদ্ধান্ত ভবিষ্যতে আরও নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
ব্রিফিংয়ে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যবসায়ী, নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভুক্তভোগী হয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, বিভিন্ন সংসদীয় আসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে গোপন বৈঠক করছেন এবং প্রার্থীদের সঙ্গে ধমক ও হুমকির সুরে কথা বলছেন। তিনি সিলেট-১ আসন ও কক্সবাজারে জামায়াতের সিনিয়র নেতা ড. হামিদুর রহমান আযাদের আসনের উদাহরণ তুলে ধরেন।
প্রিসাইডিং কর্মকর্তাদের আচরণ নিয়েও অভিযোগ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রিসাইডিং কর্মকর্তারা হুমকি-ধামকির আশ্রয় নিচ্ছেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়, যার মধ্যে ঢাকা-১ আসনের বিষয়টি উল্লেখযোগ্য।
অবৈধ অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। যুবদল, ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের বাড়ি থেকে দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এছাড়া দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে দাবি করে ময়মনসিংহের ভালুকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কথাও উল্লেখ করেন অ্যাডভোকেট জুবায়ের।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আমীরে জামায়াতের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের ঘটনায় আটক কর্মকর্তার মুক্তির দাবিতে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে বলে দলটির কাছে তথ্য রয়েছে। এসব বিষয় আসন্ন নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রেস ব্রিফিং শেষে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।