পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “এই নির্বাচনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত করতে পারলে বাংলাদেশের এক নতুন ইতিহাস রচিত হবে। এটি কেবল একটি আসনের নির্বাচন নয়, বরং দেশের ভাগ্য পরিবর্তনের লড়াই।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পঞ্চগড়ের এই রাজনৈতিক পরিবর্তনের প্রভাব সারা বাংলাদেশে পড়বে।
ব্যারিস্টার জমির আরও উল্লেখ করেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশে যা ঘটবে তার প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোসহ সারা বিশ্বে পড়বে। তিনি বলেন, "একটি ভোটের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ এবং আগামীর বিশ্বের ইতিহাসকে একটি ইতিবাচক দিকে ধাবিত করতে পারি। আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ।"
আওয়ামী লীগ ছেড়ে আসা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, শোষণমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শ্রমিক ও মালিক উপস্থিত ছিলেন।