আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাজদিখান উপজেলায় বিশাল গণমিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখর হয়ে ওঠে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিরাজদিখান উপজেলা ঈদগাহ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি সিরাজদিখান বাজার প্রদক্ষিণ করে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। বিপুল জনসমাগমে গণমিছিলটি জনসমুদ্রে রূপ নেয় এবং সিরাজদিখান বাজার এলাকায় কিছু সময়ের জন্য থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুন্সীগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী বলেন, “জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত মুন্সীগঞ্জ গড়তে চাই। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হলে মুন্সীগঞ্জ-১ আসনকে একটি আদর্শ ও নিরাপদ জনপদে পরিণত করা হবে।”
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আজম রুহুল কুদ্দুস। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মুন্সীগঞ্জ জেলা আমির আব্দুল আউয়াল জিহাদী, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মো. নাঈম আহেদ নয়ন, মুন্সীগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইমরান হোসাইন বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি মো. মুজাহিদুল ইসলাম এবং এবি পার্টি মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক সদস্য শেখ নূরুজ্জামান উজ্জ্বল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন এবং সঞ্চালনা করেন মো. ওয়াসিম মিয়া। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক জামায়াতে ইসলামীর নেতাকর্মী উপস্থিত ছিলেন।