৭২ পাবনা-৫ আসনে নির্বাচনে দলীয় কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ভোট গ্রহণ ও গণনায় জালিয়াতির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইনের পক্ষে পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার প্রিন্সিপাল ইকবাল হোসাইনের নির্বাচন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। শনিবার সকালে সংবাদ সম্মেলনে প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন পক্ষে অধ্যাপক আব্দুল গাব্বার খান নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, ভোট গ্রহণ ও গণনার দায়িত্বে দলীয়ভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়ায় নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, একাধিক কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া, ফলাফল প্রভাবিত করার চেষ্টা এবং গণনায় অসঙ্গতির ঘটনা ঘটেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনঃগণনার দাবি জানান তিনি।

তিনি বলেন, আমরা জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি। জনগণের রায় বিকৃত করার কোনো সুযোগ থাকা উচিত নয়।

সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, এস এম সোহেল, পাবনা পৌর জামাতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ পাবনা সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব,পাবনা পৌর জামায়াতের সাবেক আমির আলহাজ্ব আবিদ হাসান, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার জাকারিয়া, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, বদিউজ্জামান প্রমুখ।