নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ পাইটকাপাড়া এলাকায় জামায়াতের নির্বাচনি গণসংযোগ চলাকালে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন ওলামা দলের সভাপতি মহুবর, সাধারণ সম্পাদক শহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি আনিসুর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
যোগদান অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ও তার সহকর্মীরা দলটিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে তারা জামায়াতের নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে নির্বাচনি প্রচারণায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নীলফামারী-৩ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আমি মাঠপর্যায়ে কাজ করছি। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
এছাড়া অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিওন, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, ইউনিয়ন আমীর মাওলানা রাশেদুজ্জামান, জেলা শিবিরের সভাপতি তাজামুল হাসানসহ স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।