ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট দুটি সংসদীয় আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জয়পুরহাট—১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমীর ফজলুর রহমান সাঈদ এবং জয়পুরহাট—২ আসনে বিএনপি প্রার্থী আব্দুল বারী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো: আল—মামুন মিয়া বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

জয়পুরহাট—১ (সদর ও পাঁচবিবি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমীর ফজলুর রহমান সাঈদ। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ রানা প্রধান ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, এ আসনে পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট কেন্দ্র সংখ্যা ১৫২টি এবং মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ২৭৩ জন। প্রদত্ত ৩ লাখ ৪১ হাজার ৫৫৬টি ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২টি ও বাতিল ভোট ৬ হাজার ৫৭৪টি। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ১৩ হাজার ২৮৬ ভোট, বাসদ—মার্কসবাদীর তৌফিকা দেওয়ান ৬১৭ ভোট এবং বাসদ প্রার্থী ওয়াজেদ আলী ৫৭৮ ভোট পেয়েছেন।

অন্যদিকে, জয়পুরহাট—২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী সাবেক ডিসি আব্দুল বারী। তিনি ‘ধানের শীষ’ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী এস এম রাশেদুল আলম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট।

এই আসনে পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ ১০৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। মোট ২ লাখ ৫৮ হাজার ১৬০টি ভোট পড়েছে। এর বিপরীতে ৬ হাজার ২৩টি ভোট বাতিল হয়েছে। এছাড়া এই আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী এস এ জাহিদ ঈগল প্রতীকে ১ হাজার ৫৫৫ ভোট পেয়েছেন।