নীলফামারীর ডোমার উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে জাতীয়তাবাদী যুবদলের এক নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ডোমার সদর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলে প্রবেশ করেন।
জামায়াতে যোগ দেওয়া নেতার নাম শফিকুল ইসলাম শফিক। তিনি ডোমার সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন কমিটির সদস্য সচিব ছিলেন এবং এলাকায় একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত।
ডোমার সদর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলাম শফিককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, সাবেক উপজেলা আমীর খন্দকার আহমাদুল হক মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি শফিকুল ইসলাম শফিক নিজেও নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “গত ৫ই আগস্টের পর আমার সঙ্গে যা করা হয়েছে, সেটা অনেকেই জানেন। দলের অভ্যন্তরীণ সমস্যা সমাধান না হওয়ায় আল্লাহর উপর ভরসা করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি, আর ফিরে যাওয়ার সুযোগ নেই।”
উপজেলা জামায়াতের নেতারা বলেন, “দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। শফিক আজ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ইনশাআল্লাহ আমরা মিলিত হয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো।”
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন জানান, শফিকের জামায়াতে যোগ দেওয়া বিষয়ে তিনি শুনেছেন, তবে কেন যুবদল ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন তা তিনি জানেন না।