বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি থানার উদ্যোগে ১৫ই রমযান বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এ কে এফসি পার্টি সেন্টারে বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ইসলামিক ল' ইয়ারস কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "পবিত্র রমজানে ইফতার সামনে নিয়ে আমরা ঠিক যেভাবে আজান না দেওয়া পর্যন্ত আল্লাহর ভয়ে খাবার গ্রহণ করি না, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি এই খোদাভীতি বা তাকওয়া থাকত, তবে আজ সমাজ ও রাষ্ট্রে কোনো অপরাধ থাকত না।" তিনি সকলকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
ধানমন্ডি থানা আমীর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানমন্ডি-কলাবাগান জোনের সহকারী পরিচালক অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার,ধানমন্ডি থানা কর্ম পরিষদের অন্যতম সদস্য আনিসুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব তোফাজ্জল হোসেন এবং মুফতি মাওলানা ইউসুফ।
অনুষ্ঠানে ধানমন্ডি থানার মজলিসে শূরা ও কর্মপরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।