টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) বালিগাঁও ইউনিয়নে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, “দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে যে জুলাই সনদ তৈরি হয়েছে, নির্বাচিত সরকার যদি তা বাস্তবায়নে টালবাহানা করে তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জুলাই সনদের বাস্তবায়ন মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচারের পথকে শক্তিশালী করা এবং একটি জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তাদের ম্যান্ডেট প্রদান করেছে। তাই পরিষ্কারভাবে বলতে চাই—জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা নয়। জনগণের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা কোনো আপস করবো না।”

অধ্যাপিকা রেজোওয়ানা হাসানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “সাবেক এই উপদেষ্টার সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চিত্র উঠে এসেছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—অবিলম্বে রেজোওয়ানা হাসানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক।”

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, বালিগাঁও ইউনিয়নের সভাপতি মো. রওশান রেজা, সেক্রেটারি মাওলানা মো. আব্দুল কাইয়ুমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সেক্রেটারিবৃন্দ এবং স্থানীয় জামায়াতের কর্মী-সমর্থকরা।