বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নির্বাচনে তার এই বিজয় শুধু দলীয় নয়। এই আসনটিকে সবার অংশগ্রহণে মহিমান্বিত করে তুলতে চান তিনি। সরকার গঠনের পর এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে নির্বাচনপূর্ব ঘোষিত সব প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। গতকাল নিজ বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত এই এমপি বলেন, “আজকে যারা পরাজিত হয়েছে সবাইকে নিয়ে আমি এই নির্বাচনী আসনটিকে মহিমান্বিত করতে চাই। এখানে সবার পরামর্শ ও মতামত নেব। আমি কাউকে দলীয় দৃষ্টিতে বিচার করব না। সবাই আমার ভোটার। সবাইকে একই দৃষ্টিতে দেখে আগামী দিনে এলাকার মানুষের স্বপ্ন ও প্রত্যাশা পূরণের জন্য কাজ করব।” তিনি আরও জানান, অগ্রাধিকারের তালিকায় রয়েছে এলাকার রাস্তাঘাট, মসজিদ-মাদরাসা, বেকারত্ব দূরীকরণ, মাদকমুক্ত সমাজ গঠন ও জীবনজীবিকার মানোন্নয়ন। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারেন, সে বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানান তিনি। ফরহাদ হোসেন আজাদ বোদা উপজেলার হাইওয়ে সড়কে প্রতিদিনের দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই সড়কে ডিভাইডার নির্মাণ ও রাত ৯ টার পর ট্রাক চলাচলের পদক্ষেপ নিব। এ ব্যাপারে তিনি শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেন।