কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা: শেরপুরে উপজেলা জামায়াতের সেক্রেটারি হত্যাসহ সারাদেশে নির্বাচনী কাজে মহিলাদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমারখালী পৌর টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মামুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসাইন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক আশিকুল ইসলাম চপল, কেন্দ্রীয় কলেজে বিভাগীয় সহকারী সম্পাদক ইমরান খান, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান বিশ্বাস ও কুমারখালী পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট রবিউল ইসলাম সহ প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল হাকিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করা যাবে না। মহিলা কর্মীদের হেনস্তা করে বা হামলা করে নির্বাচন বাধাগ্রস্ত করলে তা জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।
আরও বলেন, ভোটারদের ভয় দেখিয়ে লাভ নেই, চাঁদাবাজি ও মানুষ হত্যা—এই সকল কাজের জবাব জনগণ ১২ তারিখে ভোট প্রদানের মাধ্যমে দিবে। বিক্ষোভ মিছিলে কুমারখালী উপজেলার বিভিন্ন স্থান থেকে কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।