বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা গতকাল শনিবার এই খবর নিশ্চিত করেন। তারা বলেন, আজ রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমীরের বাসায় যাবেন। এরপর যাবেন নাহিদ ইসলামের বাসায়। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করেত যাবেন বলে সূত্রটি জানায়।

সূত্রমতে, নির্বাচনের মাঠে রাজনৈতিক প্রতিপক্ষ হলেও দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথে ছিলো বিএনপি ও জামায়াতে ইসলামী। জুলাই গণঅভূত্থান পরবর্তীতে রাজনীতির মাঠে নিজস্ব এজেন্ডা নিয়ে মাঠে থাকলেও ফ্যাসিবাদ ইস্যুতে এক ছিলো এদুটি দল। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। আর শক্তিশালী বিরোধী দলে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গতকাল এক সাংবাদিক সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চান। তিনি বলেছেন, সবার আগে দেশের জনগণ ও দেশের সার্বভৌমত্ব। রাজনীতি নিয়ে নিজস্ব এজেন্ডা থাকতেই পারে। তবে জনগণের জন্য আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই।