রমযানের শিক্ষা নিয়ে মালিক-শ্রমিকের মধ্যে সম্প্রীতির এবং দরদের সমাজ গড়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই একটি দরদি সমাজ গড়তে; যেখানে কল-কারখানার পরিবেশ হবে মালিকরা শ্রমিকদের দেখবেন সন্তানের মতো, আর শ্রমিকরা মালিকদের দেখবেন বাবার মতো করে। কিন্তু আমাদের দেশে মালিক শ্রমিকদের দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ফায়দা লুটতে চায়।
গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ইসলাম কল-কারখানাসহ সবখানে মানবিক নৈতিক অনুভূতির পরিবেশ জাগিয়ে তোলে। যারা আল্লাহকে ভয় করে তাদের দ্বারা সমাজের উপকার হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় সেই সমাজ গড়ে তুলতে। সবখানে ভ্রাতৃত্বের সমাজ গড়ে তুলতে। মানবিক সমাজ গড়তে। কারখানার মালিক এবং শ্রমিকদের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের।
জামায়াতের আমীর বলেন, আমার সাথে যখন কারখানার মালিকের দেখা হয় তখন বলি আপনারা শ্রমিকদের সন্তানের মতো দেখুন। তাহলে তাদের প্রতি আপনার সহানুভূতির জায়গা তৈরি হবে। আবার শ্রমিকদের সাথে যখন দেখা হয় তখন বলি কারখানার মালিকদের বাবার মতো দেখতে। আর কারখানার অবকাঠামোগুলোকে নিজের সন্তানের মতো দেখতে। কারণ এই অবকাঠামোর মাধ্যমে জীবন-জীবিকা হয়ে থাকে। মালিক-শ্রমিক সম্পর্ক হবে একজন আরেকজনের পরিপূরক।
খোদাভীরুদের দিয়ে সমাজ পরিচালনা হলে তারা প্রতিটি কাজের ব্যাপারে হাসরের দিন জবাব দেওয়ার ভয় থাকে। এজন্য সবকিছু তার কাছে নিরাপদ থাকবে। কারণ সে জানে হাসরের দিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর যার মধ্যে এই অনুভূতি থাকবে সেই মানুষের দ্বারা মানুষের ক্ষতি হতে পারে না।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান। এর আগে ক্বারী বেলাল হোসাইনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। হামদ নাত পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা।
জামায়াত আমীর বলেন, করোনা এসেছিল ২০১৯ সালে। তখন দেখা গেছে অক্সিজেনের কি মূল্য। অথচ আল্লাহ পাক আমাদের অক্সিজেন দিয়ে রেখেছেন অবারিত। তিনি বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের হতে সমস্ত সৃষ্টি নিরাপদ। আল্লার নবী বলেছেন, অপ্রয়োজনে একটি পিপড়ার গায়েও হাত দিবে না। যেহেতু জীবন দিতে পারো না। জীবন নিতেও পারো না। শ্রমিকদের বিষয়ে আল্লাহর রাসুল সা. বলেছেন শ্রমিকরা মালিকদের চেয়ে ৫ শত বছর আগে বেহেস্তে যাবেন।
রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহকে ভয় করলে মানুষের সত্যিকার সেবা করা সম্ভব। সব মানুষ ভাববে আমি দুর্বল মানুষ। তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডাশেনের হাত ধরে শ্রমিক অঙ্গনে সেই পরিবেশ তৈরি হোক। তিনি আরও বলেন, রোজা আমাদের জন্য রহমত হয়ে এসেছে। এই রোজাতে গুনাহখাতা মাফ করিয়ে নিতে হবে। এই রোজা এসেছে রহমান হয়ে যেন আমাদের ধ্বংসের কারণ হয়ে না যায়।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি আ ন ম শামসুল ইসলাম।