বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। তিনি বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও তারা এখনো নানা বঞ্চনা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
গতকাল শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ফেডারেশনের অঞ্চল সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনিএসব কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. কাজী আবুল বাশার, অফিস সম্পাদক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
শামসুল ইসলাম বলেন, পরিবহন শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, শ্রমিকদের কল্যাণ তহবিল গঠন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন।