স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার পুন: তদন্ত ও বিচার প্রসঙ্গে বলেছেন, এ বিষয়ে ব্যাপারে স্বরাস্ত্রমন্ত্রী যেটা বলেছেন (পুনরায় তদন্ত ও বিচার হবে) সেটাই সঠিক। যেহেতু এ বিষয়ে তদন্ত হয়েছে, দরকার হলে আবারো হবে। এ বিষয়টি এখন আদালতে রয়েছে, আমার পক্ষ থেকে নতুন করে কিছু বলার নাই।’ এনিসিপি নেতাদের দাবি বিষয়টি মীমাংসিত, সরকার কেন বাড়াবাড়ি করছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা এসসিপিকেই জিজ্ঞেস করুন। গতকাল শুক্রবার জুমা’র নামাজের পর ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন যথা সময়ে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা আগেই বলেছি গণতন্ত্রের নিয়ম অনুযায়ীই নির্বাচন হবে। এবং এর মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া হবে। আমরা গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছি। দেশের সার্বিক আইন শৃংখলা ভালো আছে।
মির্জা ফখরুল ঠাকুরগাঁওবাসীর উদ্দেশ্যে বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনে আমরা শরিক হতে পেরেছি। ঠাকুরগাঁওয়ের জনগনের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋনী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন। তাদের এ সমর্থনের কারনে আজ বিজয় লাভ করতে পেরেছি। ঠাকুরগাঁও বাসীর জন্য কাজ করার সুযোগ পাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো সবাই মিলে যাতে করে সুন্দরভাবে কাজ করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল হক সুমন, পুলিশ সুপার মো: বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী, সমর্থক ও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে ঢাকায় যান মির্জা ফখরুল, পরে বিএনপি সরকার গঠন করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্ব পান তিনি। মন্ত্রী হওযার পর এটিই তার নির্বাচনী এলাকায় প্রথম সফর। এর আগে শুক্রবার সকালে বিমানযোগে সৈয়দপুর আসেন। সেখান থেকে সড়কপথে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে পৌছেন। এ সময় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, সামাজিক সংস্থার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। দুপুরে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিকেলে পৌর শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ইএসডিও’র প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।