নির্বাচনে পেছন পথে এসে কেউ কিছু করে সফল হতে পারবে না বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এদেশের তরুণ যুবকেরা ঘুমিয়ে যায়নি। এমন কিছু হলে তারা তাদের অসমাপ্ত কাজ করবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় তার পাশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ সকল অপতৎপরতার জবাব হতে পারে। আমরা বিশ্বাস করি আমাদের যুবসমাজ ঘুমিয়ে পড়েনি। তাদের অসমাপ্ত দায়িত্ব পালন করার জন্য তারা এই নির্বাচনকে সফল করে তুলবে ইনশাআল্লাহ যে কোন মূল্যের বিনিময়ে। এবং কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করবো জনগণ যেন নিজের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায়। এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। আমরা আশা করছি জনতার-ই বিজয় হবে শেষ পর্যন্ত। পেছন পথে এসে কেউ কিছু করে সফল হতে পারবে বলে আমরা মনে করি না।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, এদেশ আপনাদেরও। আপনারা ন্যায় নিষ্ঠভাবে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করুন।