সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করে বলেছেন, নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় তাদের প্রতিপক্ষরা হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, তারা প্রকাশ্যে সহিংসতায় জড়িয়ে পড়ছে এবং এমনকি মা-বোনদের গায়েও হাত তুলছে, যা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক।
তিনি আজ সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহমদুর রহমান খান হিনুর সভাপতিত্বে এবং রায়হান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা ফয়জুল ইসলাম, কানাডা প্রবাসী আব্দুল হামিদ, সেক্রেটারি কাজী মাওলানা আবুল কাশেম চৌধুরী, সাবেক নায়েবে আমীর মুফাচ্ছির আহমদ ফয়জী, জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ, উপজেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, বুরহান উদ্দিন ও শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সহিংসতা ও ভয়ভীতির রাজনীতি জনগণ আর মেনে নেবে না। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।