শেরপুরে জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল করেছে পৌর জামায়াতে ইসলামী।
শনিবার বিকেলে মোংলা পৌর জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ইসলামী নেতৃত্বকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সমাবেশে বক্তারা বলেন, মাওলানা রেজাউল করিম একজন নির্ভীক ইসলামী নেতা ছিলেন। তার নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে দেশকে অস্থিতিশীল করার একটি গভীর ষড়যন্ত্র চলছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
বিক্ষোভ মিছিলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ক্ষোভ ও প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং ন্যায়বিচারের দাবি তুলে ধরেন। নেতৃবৃন্দ জানান, এ হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।