লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতা-কর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর জামায়াতের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

জামায়াতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন—সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল আবেদিন নিশান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, পৌর যুবদলের সদস্য মেহেদী হাসান হেদায়েত, পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম খোকনসহ আরও অনেকে।

জামায়াতে যোগদান প্রসঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন বলেন,
“দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমার বিশ্বাস, ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার সক্ষমতা এই দলের রয়েছে। সেই লক্ষ্যেই আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছি।”

এ বিষয়ে জেলা জামায়াতের এক নেতা জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিশেষ করে তরুণদের জামায়াতে ইসলীতে যোগদানের প্রবণতা দিন দিন বাড়ছে, যা সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।

লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে নবাগতদের শুভেচ্ছা জানিয়ে এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহামুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, যুব জামায়াতের শহর সভাপতি নাছির উদ্দিন, আইনজীবী নেতা অ্যাডভোকেট মাহির আসহাব প্রমুখ।