নির্বাচনী জনসভা শেষে মাঠ ছেড়ে চলে যাওয়া নয়, বরং মাঠ পরিষ্কার করে দেওয়ার মাধ্যমে দায়িত্বশীল রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে দেখা যায়, একটি দল মাঠজুড়ে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কার করছেন। খোঁজ নিয়ে জানা যায়, তারা স্থানীয় ২৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মী।

নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামী একটি পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে নিজেদের দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নিয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ওই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি থাকায় মাঠজুড়ে ময়লা-আবর্জনার সৃষ্টি হয়। জনসাধারণের ব্যবহার উপযোগী রাখতে এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা থেকে নিজেরাই মাঠ পরিষ্কারের কাজ শুরু করেন তারা।

জামায়াত নেতারা বলেন, শুধু বক্তৃতা বা রাজনৈতিক কর্মসূচিই নয়, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্বশীল থাকা জরুরি। জনসভা শেষে মাঠ পরিষ্কার করাও রাজনৈতিক শিষ্টাচার ও নাগরিক দায়িত্বের অংশ বলে তারা মনে করেন।

এ সময় উপস্থিত স্থানীয় প্রত্যক্ষদর্শীরা উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকেই বলেন, রাজনৈতিক কর্মসূচির পর এমন পরিচ্ছন্নতা অভিযান সচরাচর দেখা যায় না। এতে রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে এবং তরুণ প্রজন্মের কাছেও একটি ভালো বার্তা যাবে।

স্থানীয়দের মতে, এই ধরনের কার্যক্রম রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং দায়িত্বশীল রাজনীতির একটি ভালো উদাহরণ হয়ে থাকবে।