গাজীপুর-২ আসনের ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত শাপলা প্রতীকের প্রার্থী এডভোকেট আলী নাসির খান হলফনামা সংক্রান্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তিনি জানান, তার এনআইডি কার্ড নির্বাচন কমিশন থেকে ইস্যু হওয়ায় হলফনামায় দেওয়া জন্ম তারিখ সঠিক এবং কোনো বিভ্রান্তি বা তথ্য গোপনের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুরের সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রধান এজেন্ট এডভোকেট মোঃ মেহেদী হাসান এলিস লিখিত অভিযোগ দেন। অভিযোগে আলী নাসির খানের হলফনামায় এনআইডি ও জন্ম তারিখের তথ্যের সঙ্গে তার ট্যাক্স রিটার্নের তথ্যের অমিল এবং নির্বাচনের জন্য ব্যক্তিগত বিকাশ নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার করে আর্থিক সহযোগিতা আহ্বানের বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
এই অভিযোগ প্রসঙ্গে আলী নাসির খান বলেন, তার সব কাগজপত্র আইনসম্মত ও স্বচ্ছ। কোনো অসঙ্গতি থাকলে তা দাপ্তরিক বা কারিগরি কারণে হতে পারে। তিনি প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন এবং ভোটারদের শান্তিপূর্ণ ও উন্নয়নভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ বিষয়ে বিএনপি নেতা এডভোকেট মোঃ মেহেদী হাসান এলিস বলেন, তারা কাগজপত্রের অমিল দেখে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা যায়।
মূলত এই বিতর্ক নির্বাচনী হলফনামা, ট্যাক্স রিটার্ন ও আর্থিক স্বচ্ছতা নিয়েই কেন্দ্রভূত। আলী নাসির খান নিজেকে আইন মেনে নির্বাচন পরিচালনা করছেন বলে দাবি করেছেন।