ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে (সদর) বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর হাইস্কুল মাঠে গতকাল সোমবার বিকেলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের সামগ্রিক উন্নয়নে অবকাঠামো, শিক্ষা এবং জনসেবা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়ন, স্থানীয় কৃষি ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। বরেন্দ্র ও দিয়াড় এলাকার উন্নয়ন, আম প্রক্রিয়াজতকরণ এবং রেশম শিল্পের উন্নয়ন সাধিত করা হবে। এইবার পরিবর্তনের হাওয়া দাঁড়িপাল্লার পক্ষে। আবেগাপ্লুত কন্ঠে তিনি বলেন, আমার বাবা এখানকার কলেজে চাকুরী করতেন। তিনি বেঁচে থাকলে আপনাদের কাছে দোয়া চাইতেন। এছাড়া আমার ভাইকে ধরে নিয়ে গিয়ে ৪ মাস গুম করে রেখেছিল। মিথ্যা মামলায় আমার আরেক ভাইকে ধরে নিয়ে গিয়েছিল, আমাদের পরিবার মানবেতর জীবনযাপন করেছে। তিনি বলেন, ১৬ বছর ধরে সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। আমাকে নিয়ে মানুষের সামনে মিথ্যা কথা বলে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি নাকি এ জেলার নাগরিক নয়, মিথ্যা সব মিথ্যা। মানুষ আর এগুলো কথা গিলতে চায় না। নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা কোন আধিপত্যবাদি শক্তির কাছে মাথানত করতে চায়না। আল্লাহপাক ছাড়া কারো কাছে মাথানত করি না। ভোট পবিত্র আমানত, যেনতেনভাবে কোন দুর্নীতিবাজদেরকে না দিতে পারি। আমরা টেন্ডারবাজদের ভোট দিতে পারি না। আমরা দুর্নীতিমুক্ত-চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চায়। আমরা একটি রাষ্ট্র শক্তির সাথে লড়াই করে টিকে আছি। আপনারা সরকার গঠন করলেও আমরা ভয় করিনা। সুতরাং ভয় না করে কেন্দ্রে পাহারা দিতে হবে। জনতার রায় বারবার ছিনিয়ে নেয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারী ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে দিব না।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে দাঁড়িপাল্লা একমাত্র ভরসার নাম। সব প্রতীক দেখেছেন এবার দাঁড়িপাল্লার দিকে দেখুন। তাই আসুন আগামী দিনে সুখী সমৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। রাণীহাটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, নায়েবে আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াত আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর নায়েবে আমীর এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ প্রমুখ।